শরীয়তপুর

দুর্ঘটনায় পড়া প্রাইভেটকার উদ্ধারে গিয়ে বাসের ধাক্কায় নিহত ৫, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা এলাকায় দুর্ঘটনায় পড়া একটি প্রাইভেটকার উদ্ধার করতে গিয়ে আরেকটি বাসের ধাক্কায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সাখাওয়াত হোসেন শনিবার রাত ১২টার দিকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হলে এলাকাবাসী সেটি উদ্ধার করতে এগিয়ে যান। উদ্ধার কাজ চলাকালীন একটি যাত্রীবাহী বাস পেছন থেকে এস তাদের ধাক্কা দিলে প্রাইভেটকারের একজন যাত্রী ও ৪ উদ্ধারকারী নিহত হন। 

গাজী সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় নিহত প্রাইভেটকারের যাত্রী মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লবদী গ্রামের খলিল মিয়া (৭০)। এ ছাড়া নিহত উদ্ধারকারীরা হলেন শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ফেলু হাজীকান্দি গ্রামের মোস্তফা শিকদার (৫০), তার ভাই নুরুল ইসলাম শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৪০), মাদবরচর ইউনিয়নের শরীফকান্দি গ্রামের ভ্যানচালক লিটন শরীফ (৪০) ও স্থানীয় মোফাজ্জেল হোসেন (৫৫)। 

এ ছাড়া দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা ২ যাত্রী এবং ২ জন উদ্ধারকারী আহত হয়েছেন।

তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় একটি প্রাইভেটকার পাঁচ্চর পেট্রোলপাম্প থেক তেল নিয়ে উল্টো পথে যাওয়ার চেষ্টা করে। এ সময় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয় কয়েকজন পথচারী দুর্ঘটনায় পড়া প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে যান। এ সময় গোপালগঞ্জগামী যাত্রীবাহী গ্রামীণ পরিবহনের বাসটি উদ্ধারকারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন ও স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। এ ছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আরও একজনের মৃত্যু হয়। 

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রামীণ পরিবহনের বাসটি আটক করা গেলেও ইমাদ পরিবহনের বাসটি পালিয়ে গেছে বলে জানান তিনি। 

এই বিষয়ে মামলা হবে কি না যানতে চাইলে তিনি বলেন, 'আমারা এই ঘটনায় সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।'