রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর ডেমড়া আমুলিয়া এলাকায় তেলের লড়ির ধাক্কায় হুমায়ুন (৩৪) নামে মোটরসাইকেল রাইড শেয়ারিং সার্ভিস পাঠাওয়ের একজন চালক নিহত এবং শফিউর রহমান হৃদয় নামে একজন আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, হুমায়ুনের কাছ থেকে জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। সেখান থেকে তার নাম জানা যায়। হুমায়ুনের বাবার নাম আলতাফ হোসেন। ঠিকানা, শ্যামপুরের মীরহাজিরবাগ এলাকা।
এ ছাড়া আহত শফিউর রহমান হৃদয়কে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হৃদয় জানান, তার বাসা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায়। রাতে রামপুরা থেকে পাঠাওয়ে করে ডেমড়ার বাসায় ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।
তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজি চালক সোহেল রানা দ্য ডেইলি স্টারকে জানান, রাতে ডেমরা আমুলিয়া এলাকায় তেলের লড়ির নিচে ঢুকে ছিল মোটরসাইকেল। পাশেই দুজনকে আহত অবস্থায় দেখতে পেয়ে সিএনজিতে করে তাদের হাসপাতালে নিয়ে যান।