লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ ২ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ 'এমভি অভিযান-১০' এ আগুনে দগ্ধ ২ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্কি করা হয়েছে।  

আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে তাদের সেখানে ভর্তি করা হয়। 

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দুজন হলেন, জিয়াসমিন আক্তার (৩৫) ও তার ৮ বছর বয়সী ছেলে মো. তামিম। জিয়াসমিনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে এবং তামিমের ১২ শতাংশ পুড়েছে। এ ছাড়া জিয়াসমিনের ৬ বছয় বয়সী মেয়ে মাহিনুরকে ঢাকায় আনার পথে মৃত্যু হয়।

জিয়াসমিনের ভাই মো. মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'জিয়াসমিনের নানি মারা যাওয়ায় ১২ দিন আগে সে কেরাণীগঞ্জের শুভাঢ্যায় আসে। গতকাল রাতে ২ ছেলে-মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরার উদ্দেশে লঞ্চে ওঠে।'

বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে ঢাকা আনা হচ্ছে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'