ধারের টাকা ফেরত চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ১ গ্রামের ২ পক্ষের মারামারি, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

৪ বছর আগে ধার নেওয়া ৪০০ টাকা ফেরত চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার এক গ্রামের ২ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১১ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২ জন একই হাসপাতালে ভর্তি আছেন এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, মৈন্দ গ্রামের মনসুর নামের এক ব্যক্তি একই গ্রামের কাসেম মিয়ার ছেলে সুমনকে ৪ বছর আগে ৪০০ টাকা ধার দিয়েছিলেন।

রোববার রাত ৯টার দিকে স্থানীয় বাজারের চায়ের দোকানে সুমনের কাছে ওই টাকা ফেরত চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে সুমন ও মনসুরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এসে বিষয়টি মীমাংসা করে দিলে তারা দুজনেই বাড়ি ফিরে যান।

এর আধা ঘণ্টার মধ্যে সুমনের বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে মনসুরের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

ওসি এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহত ১ জনের ২ হাত ভেঙে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।'