নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য: শিপিং করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক (বাণিজ্য) পীযুষ দত্ত বলেছেন, ইউক্রেনের বন্দরে আটকে পড়া বিএসসির একটি জাহাজে রকেট হামলায় বেঁচে যাওয়া সব বাংলাদেশি নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনাটাই এখন তাদের মূল লক্ষ্য।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে বিএসসির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পীযুষ বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডিজি শিপিংসহ সরকারের বিভিন্ন সংস্থা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

তিনি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিশ্চিত করতে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক সুমন মাহমুদ সাব্বির এখন মন্ত্রণালয়ে অবস্থান করছেন।

বুধবার রাত ৯টা ২৫ মিনিটে ইউক্রেনের একটি সমুদ্রবন্দরে আটকা পড়া জাহাজ 'বাংলার সমৃদ্ধি'তে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হন।

পীযুষ দত্ত জানান, হামলায় জাহাজের ২ মহিলা নাবিকসহ বাকি ২৮ জন নাবিক বেঁচে গেছেন। তারা অক্ষত আছেন।

তিনি বলেন, ওই ২৮ জনের সবাই এখনো জাহাজে আছেন। যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করে তাদের তীরে বা অন্য কোনো বোটে স্থানান্তর করা যাবে না।

গতকাল রাতের এই হামলার পর আজ সকালে জাহাজের কয়েকজন নাবিকের পরিবারের সদস্যরা বন্দরনগরীতে বিএসসির প্রধান কার্যালয়ে ভিড় করেন।