নিখোঁজের ২ দিন পর বুড়িগঙ্গা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার

নিখোঁজের ২ দিন পর রাজধানীর বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে নাসরিন আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার রাত ৮টার দিকে বসিলা ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমিন বাজার নৌ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাসরিনের বাড়ি মাদারীপুরের আলীপুর এলাকায়। তার বাবা মৃত হারুন মুন্সী। গত ৪ মে সন্ধ্যা ৫টার দিকে স্বামীর বাসা মিরপুর থেকে গাবতলীর বর্ধনবাড়ী এলাকায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন।

শহিদুল ইসলাম আরও বলেন, এটা হত্যাকাণ্ড কি না নিশ্চিত হতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।