নিজের পিস্তলে মিস ফায়ার, অজ্ঞান অবস্থায় উদ্ধার এএসআই
বরিশালে অসতর্কতাবশত নিজের পিস্তলে মিস ফায়ারের পর কোতায়ালী থানার এএসআই সেলিম রেজাকে (৫০) অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আজ রোববার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন উপপুলিশ কমিশনার (দক্ষিণ) শারমিন সুলতানা রাখি।
তিনি জানান, সেলিম রেজা বরিশালের কোতয়ালী মডেল থানায় কর্মরত। গতকাল শনিবার রাত ৯টা ১০ মিনিটে থানা কম্পাউন্ডের দ্বিতীয় তলার সিড়িতে এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন।
তিনি আরও জানান, সেলিম রেজা কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু, অসুস্থতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে শনিবার রাতে ডিউটিতে যাচ্ছিলেন। এ সময় তিনি সিড়িতে পড়ে যান। এ কারণে তার লোড করা পিস্তলের এক রাউন্ড গুলি অসতর্কতাবশত বের হয়ে যায়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। তিনি গুলির শব্দে অজ্ঞান হয়েছেন কিনা তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।
বরিশাল মেট্টপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দীন আহমেদ বলেন, 'এটা কোনো বিরল ঘটনা নয়। বিশ্বের অন্যান্য দেশেও এ ধরনের ঘটনা ঘটে। সেখানে কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলতে পারব। তবে, তিনি গুলির শব্দে অজ্ঞান হয়েছেন কিনা তা আমি নিশ্চিত নই। তবে, শনেছি তিনি অসুস্থ ছিলেন।
কোতয়ালী থানার (ওসি) মো. আজিমুল করিম, 'ঘটনার সময় উনি কিছুটা অসু্স্থ ছিলেন। এখন একটু সুস্থ। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।'
শেবাচিমের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক ডা. নাজমুল আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্যাথলজি রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।'