নিম্ন আয়ের মানুষের জন্য পটুয়াখালীতে ১ টাকায় ইফতার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীতে নিম্ন আয়ের মানুষের মাঝে 'এক টাকায় ইফতার' বিতরণ করা হচ্ছে। 'পটুয়াখালীবাসী' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শহরের বিভিন্ন জায়গায় এই ইফতার বিতরণ করছে।

সমাজের বিত্তবানদের সহযোগিতায় ৩০ রমজান পর্যন্ত এই ইফতার বিতরণ চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বিকেলে পটুয়াখালী শহরের আলাউদ্দিন শিশুপার্ক এলাকায় গিয়ে দেখা গেছে, একটি টেবিলে ছোলা, বিরিয়ানি, পেঁয়াজি, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, মুড়িসহ ইফতারির রকমারি আয়োজন। অটোচালক, রিকশাচালক ও পথচারীদের প্রতি আইটেম মাত্র ১ টাকায় দেওয়া হচ্ছে।

সমাজের বিত্তবানদের সহযোগিতায় প্রতিদিন মোট তিন শ জনের মাঝে ইফতার বিতরণ চলছে।

ইফতার পেয়ে এক রিকশাচালক বলেন, 'সারা দিন রিকশা চালিয়ে ইফতার করতে গেলে বেশি দামে ভালো খাবার কিনতে পারি না। এক টাকায় ইফতার পেয়ে অনেক খুশি হইছি।'

আরেকজন অটোচালক জানালেন, 'বাজারে যে দাম তাতে ৫০-৬০ টাকার নিচে ইফতার সামগ্রী কেনা যায় না। রোজার মাসে এটি সত্যিই একটি ভালো উদ্যোগ।'

সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, 'দিনমজুর ও নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে আমরা 'পটুয়াখালীবাসী' এবার এক টাকার ইফতার আয়োজন করেছি। শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন তিন শ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে।