কুড়িগ্রামে নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু, সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় আহত বাবুল মিয়ার মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। আজ বুধবার দুপুরে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়ক অবরোধ করেন প্রতিবাদকারীরা।

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা, নাগেশ্বরী সার্কেল এএসপি মো. সুমন রেজা ও ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২২ নভেম্বর রাতে ভাঙামোড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফ্যান প্রতীকের সদস্য প্রার্থী মুকুল মিয়ার সমর্থক ও তালা প্রতীকের প্রার্থী শাহজালালের সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত বাবুল মিয়া স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর ২৩ নভেম্বর রাতে তিনি মারা যান।

মৃত বাবুলের স্ত্রী মমতা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছি। আমার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।'

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, 'নির্বাচনী সহিংসতায় বাবুল মিয়ার মৃত্যু হয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে।'

তবে বাবুল মিয়া কোনো প্রার্থীর কর্মী বা সমর্থক ছিলেন কি না পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি বলে তিনি জানান।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন রেজা বলেন, 'আমরা সব বিষয়ে খোঁজ খবর রাখছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।'