চেয়ারম্যান হয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চান তৃতীয় লিঙ্গের ঋতু

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তার পক্ষে প্রতিদিন শত শত মানুষ মিছিল-মিটিংসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন।

ঋতুর নির্বাচনী প্রতীক আনারস। তিনি নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ছানা ও হাতপাখ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দিতা করবেন।

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনের আগে পাড়া-মহল্লা, হাট-বাজারে চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী ঋতু।

তিনি উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তার আরও ৩ ভাই ও ৩ বোন রয়েছেন। ভাইয়েরা সবাই ঢাকায় থাকেন এবং বোনদের বিয়ে হয়ে গেছে।

ছোটবেলায় লিঙ্গ পরিচয় প্রকাশ পাওয়ার পর ৫ বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয়। সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি তিনি।

ঢাকার ডেমরা থানায় তার দলের গুরুমার কাছেই বেড়ে উঠেন। ৪৩ বছর বয়সী ঋতু এখন গুরুমার পরের দ্বায়িত্বটা দেখভাল করেন।

পরিবারের টানে বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তার। গত প্রায় ১৫ বছর ধরে জন্মস্থান দাদপুর গ্রামসহ ইউনিয়নবাসীর উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তিনি। নিজ এলাকায় ২টি মসজিদ তৈরি করে দেওয়ার পাশাপাশি তিনি দান করেছেন বিভিন্ন মন্দিরের উন্নয়নেও।

নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম ঋতু বলেন, 'নির্বাচন যে কী, তা তো বুঝি না। এলাকার মানুষ আমাকে ভালোবেসে প্রার্থী করেছেন। আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করে। নির্বাচনে জয়ী হলে জীবনের বাকিটা সময় নিজ গ্রামসহ ইউনিয়নবাসীর সেবা করে যাব।'

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সম্প্রদায়ের জন্য ভোটাধিকার ও নানা সুযোগ-সুবিধা করে দিয়েছেন।'

আলোচনার সময় এই চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, 'আর দশজনের মতো না হলেও আমার কোনো কষ্ট নেই। আল্লাহ আমাকে সুস্থ্যভাবে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন এতেই আমি সন্তুষ্ট। কষ্ট তো লাগে তখন, যখন শুনি আমার এলাকার কেউ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না বা মেয়ের বিয়ে দিতে পারছেন না। আমি জানতে পারলে সাধ্য মতো তাদের সাহায্য করার চেষ্টা করি।'

ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের শাকিল ও সাগর হোসেন জানান, ঋতু আমাদের গ্রামেরই সন্তান। তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গতি বাড়বে।

এর আগে কোটচাদপুর উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দেশের প্রথম তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধির স্বীকৃতি পেয়েছেন।