পিরোজপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৬ জন আহত

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত প্রার্থী সদস্য প্রার্থী মো. শাহজাহান হাওলাদার দ্য ডেইলি স্টারকে জানান, বিজয়ী প্রার্থী মো. শাহাদাৎ হোসেন হিরুর নেতৃত্বে ১০-১৫ জন লোক লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। হামলায় শাহজাহানের ৬ কর্মীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। এ ছাড়া হিরু আগামী এক মাসের মধ্যে তার কর্মীদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন শাহজাহান। 

তবে শাহজাহানের লোকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে হিরু জানান, শাহজাহান তার লোকজন নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় তারা এ হামলা শুধু প্রতিহত করেছে। 

সোমবার সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে পরাজিত ও বিজয়ী ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানান তিনি। 

এর আগে সকালে ওই ইউনিয়নের চণ্ডীপুর বাজারে পরাজিত ও বিজয়ী ইউপি সদস্যের সমর্থদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।