পুলিশের বিরুদ্ধে নেতা-কর্মীদের ধর-পাকড়ের অভিযোগ তৈমূরের
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, 'জনগণ দলমত নির্বিশেষে আমার প্রচারনায় অংশগ্রহণ করছে। পুলিশ-প্রশাসন আমাদের নেতা-কর্মীদের ধড়-পাকড় করছে। তারা এরমধ্যে অনেককেই গ্রেপ্তার করেছে। অনেকে পলাতক অবস্থায় আছে। পলাতক থেকেই তারা আমার প্রচারনায় অংশ নিচ্ছে।'
আজ বুধবার সকালে শহরের খানপুর এলাকায় গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের একথা বলেন তৈমূর।
তৈমূর বলেন, 'পুলিশ নৌকার পক্ষের কোনো লোকজনকে গ্রেপ্তার করেনি। তাদের বাড়িতে যায়নি। আমার সিদ্ধিরগঞ্জের প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। আমার লোকজনের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তারপরেও যদি বলা হয় আমার লোকজনকে হয়রানি করা হচ্ছে না, সেটা আপনারাই বিবেচনা করে দেখবেন।'
এই স্বতন্ত্র মেয়র প্রার্থীর বক্তব্য, 'নারায়ণগঞ্জের সচেতন জনগণ শহরকে নিয়ে ভাবেন। যারা এই ১৮ বছরের ক্ষোভের অবসান চান, তারা সকলে আন্তরিকভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমি আশা করবো এই নির্বাচন কমিশন জনগনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিবেন '
একইসঙ্গে নির্বাচনে যেন 'লেভেল প্লেয়িং ফিল্ড' থাকে, জনগণ যেন ভোট দিতে পারে এবং কোনো `কারচুপি' যেন না হয়, সে জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তৈমূর। বলেন, 'আমি ৩ সেট করে পোলিং এজেন্ট ঠিক করে রেখেছি। একজনকে বের করে দেয়া হলে আরেকজন কাজ করবে। শুধু তাই নয়, কেন্দ্র রক্ষার জন্য আলাদা কমিটি করা হয়েছে। তারা সেখানে কেন্দ্র রক্ষা করবে। আমাদের চিফ এজেন্ট এটিএম কামাল নির্বাচন কমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কেন্দ্র যেন দখল না হয় সেজন্য জনগণ পাহারায় থাকবে।'