প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে টাকা দাবি, উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অব্যাহতি
প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে টাকা দাবি করায় কুমিল্লার হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, তার পরিবর্তে বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। মুরাদনগর উপজেলার যাত্রাপুর, বাঙ্গরা পূর্ব ও পশ্চিম ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করার কথা ছিল বিল্লাল মেহেদীর। অভিযোগ উঠেছে, মনোনয়নপত্র বাছাইয়ের আগে বিল্লাল চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের একে একে তার কক্ষে ডেকে নিয়ে প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে টাকা দাবি করেন।
এ ঘটনায় প্রার্থীরা অভিযোগ করলে বিল্লাল মেহেদীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পাশাপাশি নির্বাচন কমিশন তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল বিল্লালকে যাত্রাপুর, বাঙ্গরা পূর্ব ও পশ্চিম ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিল্লাল মেহেদীর সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হয়। প্রতি বারই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তিনি কোথায় আছে খোঁজ করে তা-ও জানা সম্ভব হয়নি।