মুন্সিগঞ্জে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।

এ ছাড়া, সেসময় নিজ বাড়িতে আব্দুল হক বেপারী নামের নৌকার এক সমর্থক হৃদরোগে মারা গেছেন।

গতকাল রোববার রাত ৭টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়া ও আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

আহত ৫ জন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুলিবিদ্ধ নৌকা প্রতীকের ৩ জন সমর্থককে রোববার রাত ২টায় ঢাকায় পাঠানো হয়েছে।

এরা হলেন, খাসকান্দি গ্রামের মৃত সিকিম আলি সরদারের ছেলে সাইফুল সরদার, একই গ্রামের মুজিবর বেপারির ছেলে শরিফ বেপারি ও সিরাজ হাওলাদারের ছেলে বাবু হাওলাদার।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'চরকেওয়ার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। খাসকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল হক বেপারি স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। সোমবার সকাল পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুই পক্ষের সংঘর্ষে ৪-৫ জন গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।'

ওসি আরও বলেন, 'আব্দুল হকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ তার বাড়িতে হামলার কোনো আলামত পায়নি।'

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব দ্য ডেইলি স্টারকে বলেন, 'আব্দুল হকের মৃত্যু নিয়ে যাতে বিভ্রান্তি না থাকে, সেজন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে।'

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সোহাগ বলেন, 'রোববার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে স্বজনরা মৃত অবস্থায় আব্দুল হক বেপারিকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাছাড়া গলায় চাপ দিয়ে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।'

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর চরকেওয়ার ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।