শামসুল হক টুকু নির্বাচনী এলাকা ছেড়েছেন কি না জানতে চান হাইকোর্ট

স্টার অনলাইন রিপোর্ট

আগামী ২৮ নভেম্বর পাবনার বেড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কিনা এবং নির্বাচনী এলাকা ছেড়েছেন কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত।

বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী শামসুল হক টুকুর ছোট ভাই আব্দুল বাতেনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আজ সোমবার এ আদেশ দেন।

আবেদনের শুনানি ও পরবর্তী আদেশ দেওয়ার জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করেন হাইকোর্ট বেঞ্চ।

রিট আবেদনকারীর আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা এবং বেড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা গত ১৪ নভেম্বর নির্বাচনী আচরণবিধি বজায় রাখার স্বার্থে পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুকে ২৮ নভেম্বরের আগে নির্বাচনী এলাকা ছাড়ার অনুরোধ জানিয়ে নোটিশ দেন।

কিন্তু শামসুল হক টুকু রিটার্নিং কর্মকর্তার অনুরোধ না মেনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছেলে আসিফ সামস রঞ্জনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

আইনজীবী বলেন, 'নির্বাচনী বিধি [ধারা ২২] অনুযায়ী, "সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।" আমরা নির্বাচনের আগে সংসদ সদস্যকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেছি নির্বাচনী আচরণবিধি বজায় রাখার জন্য।'

রিট আবেদনকারীর পক্ষে আরও শুনানি করেন আইনজীবী মুহাম্মদ সাইফুল আলম।