নেত্রকোনায় নিজ বাড়িতে সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা সম্পন্ন
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম নামাজে জানাজা তার নেত্রকোনার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামে তার বাড়ির আঙিনায় প্রথম জানাজা হয়।
কেন্দুয়ার উপজেলা নির্বাহী অফিসার মঈনউদ্দিন খন্দকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, 'বিকেল ৩টায় সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মরদেহ তার গ্রামে পৌঁছায়। জানাজার পর ৫টা ৩০ মিনিটে মরদেহ নিয়ে একটি হেলিকপ্টার আবারও ঢাকায় রওনা হয়েছে।'
এসময় পুলিশ, প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এছাড়া ডিডিএলজি জিয়া আহমেদ সুমন, পুলিশ সুপার আলী আকবর মুন্সি, ও কেন্দুয়া থানা অফিসার ওসি কাজী শাহনেওয়াসহ আরও অনেকের উপস্থিতিতে তাকে গার্ড অব অনার দেয়া হয়েছে।