নোয়াখালীতে পুকুর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব সংংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিখোঁজের একদিন পর দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মরদেহ পুকুরে পাওয়া গেছে।

স্কুল শিক্ষার্থী মো. সিফাত হোসেন (১৬) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের কন্যার বাড়ির প্রবাসী আবু বক্কর ছিদ্দিকের ছেলে। সে স্থানীয় লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার কেরামতপুর গ্রামের নিজ পুকুর থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।

চরক্লার্ক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনায়েত উল্যাহ পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার থেকে সিপাত নিখোঁজ ছিল। সিপাতের মা ফজরের নামাজ পড়তে উঠলে আজ ভোর সাড়ে ৫টার দিকে বসত ঘরের পাশে থাকা পুকুরে তার ছেলের মরদেহ ভাসতে দেখেন। ওই সময় তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা গিয়ে পুকুর থেকে সিফাতের মরদেহ উদ্ধার করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।