পটুয়াখালী সরকারি কলেজের সাবেক শিক্ষক মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

নিখোঁজের ১ দিন পর পটুয়াখালী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোয়ারা বেগমের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গত ১৯ মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

সোমবার পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোয়ারা বেগম পটুয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ছিলেন।

তার স্বামী পটুয়াখালী এ কে এম কলেজের শিক্ষক ইসহাক মোল্লা ডেইলি স্টারকে জানান, মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন এবং প্রতিদিন হাঁটতে বের হতেন। গত ১৯ মার্চ বিকেল ৫টার দিকে শহরের সবুজবাগ এলাকার বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি।

পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি।

ওসি মনিরুজ্জামান জানান, সদর উপজেলার ইউবাড়িয়া এলাকায় কচা নদীতে রোববার রাতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই অধ্যাপকের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।