পদ্মায় রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধে দ্বিতীয়বারের মতো ধস
কুষ্টিয়ায় পদ্মা নদীতে নির্মিত রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার ধসে গেছে। ২০১৮ সালে নির্মাণের পর বাঁধটিতে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ভাঙন দেখে দিলো।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ১০ দিন আগে শিলাইদহের কোমরকান্দি এলাকায় বাঁধে ধস দেখা দেয়। সে রাতে ধসে যায় বাঁধের প্রায় ১০০ মিটার।
এর আগে ২০১৮ সালে কাজ শেষ হওয়ার ২ মাসের মধ্যেই কালোয়া এলাকায় বাঁধের ১৫০ মিটার নদীতে বিলীন হয়ে যায়।
২০১৮ সালে শিলাইদহে 'রবীন্দ্র কুঠিবাড়ি সংরক্ষণ বাঁধ প্রকল্প' নামে রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষায় ৩ দশমিক ৭২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ১৭৬ কোটি টাকা।
আজ বুধবার ভাঙন এলাকা পরিদর্শন করে দেখা যায়, বাঁধের উপরের মাটি কংক্রিটের ব্লকসহ প্রায় ১০০ মিটারের মতো অংশ দেবে গেছে।
স্থানীয়রা জানান, ওই এলাকার মাটি নরম হয়ে বাঁধ ধসে যাচ্ছে। অনেক জায়গাতেই এই ধস দেখা গেছে।
জানতে চাইলে পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দীন ডেইলি স্টারকে বলেন, 'বৃষ্টির পর বাঁধের উপর গর্ত সৃষ্টি হয়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে।'
বিষয়টি তিনি জেনেছেন এবং ঢাকায় জানিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, 'ঢাকা থেকে একটি টিম আসছে। বর্ষাকালের আগেই সংস্কার করা হলে বাঁধে আর কোনো সমস্যা হবে না।'