পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৪ শতাধিক গাড়ি

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

সাপ্তাহিক ছুটিতে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রধান প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ৪ শতাধিক গাড়ি। এর মধ্যে পণ্যবাহী ট্রাক আছে ৩ শতাধিক।

এ তথ্য নিশ্চিত করে আজ বৃহস্পতিবার বিকেলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাধারণত এই নৌপথে প্রতিদিন ছোট বড় মিলিয়ে ৪ হাজার গাড়ি চলাচল করে। কিন্তু সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত গাড়ির সংখ্যা দেড় থেকে ২ হাজার বেড়ে যায়।'

আজকের পরিস্থিতি মোকাবিলায় জরুরি পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে বলে জানান তিনি।

তবে এতে আটকা পড়ে থাকতে হচ্ছে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে।

বিআইডব্লিউসির এই কর্মকর্তা জানান, এই নৌপথে ছোট বড় মিলে ২০টি ফেরি আছে। ২টি ফেরি ডকইয়ার্ডে পাঠানো হয়েছে এবং ১টি ফেরি মেরামতের জন্য পাটুরিয়া ঘাটের পাশে ভাসমান কারখানায় রাখা হয়েছে।

বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।