পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে ৭ শতাধিক গাড়ি

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রধান প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়েছে ৭ শতাধিক গাড়ি। এর মধ্যে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ রয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন আটকে-পড়া যানবাহনের চালক ও যাত্রীরা।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ দৃশ্য দেখা গেছে।

'সাধারণত এই নৌপথে প্রতিদিন ছোট-বড় মিলিয়ে গড়ে প্রায় সাড়ে ৪ হাজার গাড়ি চলাচল করে,' উল্লেখ করে বিআইডব্লিউসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'কিন্তু, সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতি ও শুক্রবার গাড়ির সংখ্যা দেড় থেকে ২ হাজার বেড়ে গেছে।'

'পরিস্থিতি মোকাবেলায় জরুরি পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পার করা হওয়ায় গত ২-৩ দিন সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়ে থাকে।'

তিনি আরও বলেন, 'আজ দুপুর ১২টার দিকে পাটুরিয়া ট্রাক টার্মিনাল ও মহাসড়কে অপেক্ষমাণ ট্রাকের সংখ্যা ৫ শতাধিক এবং ছোট গাড়ি ও বাসের সংখ্যাও ২ শতাধিক।'

'নৌপথে ছোট-বড় মিলে ২০টি ফেরি রয়েছে। ২টি ফেরি ডকইয়ার্ডে পাঠানো হয়েছে এবং একটি ফেরি পাটুরিয়া ঘাটের পাশে ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।'

'তবে, অতিরিক্ত গাড়ির চাপ আগামীকাল সকালের পর আর থাকবে না' বলে মন্তব্য করেন মহিউদ্দিন রাসেল।