পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় সহস্রাধিক গাড়ি
টানা ৩ দিনের ছুটিতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রধান প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় আছে প্রায় সহস্রাধিক গাড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন উভয় ঘাটে আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউসি'র আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'নদীতে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া, ৩ দিন সরকারি বন্ধের কারণে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ আরও বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। ফলে পণ্যবাহী ট্রাকগুলো ২-৩ দিন আটকা পড়ছে।'
তিনি আরও বলেন, 'নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী বাস ও জরুরি পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে আগে পারাপার করা হচ্ছে।'