চাঁপাইনবাবগঞ্জ

পাতা কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্টেডিয়াম এলাকার একটি আমবাগানে পাতা কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে।

আহতরা হচ্ছে- জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে ইমন (১১) ও তার ছোট ভাই ইকবাল (৭)।

আজ শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ।

তিনি বলেন, 'শুক্রবার ৩টার দিকে শিবগঞ্জ স্টেডিয়াম রোড সংলগ্ন একটি আমবাগানে রিমন ও ইকবাল আমগাছের পাতা কুড়াতে যায়। রিমন একটি কৌটা দেখে এবং তাতে পা দিয়ে আঘাত করলে পরিত্যক্ত ককটেলটি বিস্ফোরিত হয় ও ২ ভাই আহত হয়।'

তিনি আরও বলেন, 'এদের মধ্যে রিমন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রিমনকে ভর্তি করা হয় এবং তার ছোট ভাই ইকবালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।'

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।