প্রকল্পনির্ভর কার্যক্রম পরিকল্পিত নগরী গড়ায় বাধা: মেয়র তাপস
পিপিপিসহ বিভিন্ন সংস্থার প্রকল্পনির্ভর কার্যক্রম পরিকল্পিত নগরী গড়ে তোলায় বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার দুপুরে নগরীর গুদারাঘাট এলাকায় ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন জিরানী খালের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
মেয়র তাপস বলেন, 'আমরা অপরিকল্পিত এই শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার চেষ্টা করছি, পরিকল্পিত রূপ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু অযাচিতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন সংস্থা এখনও আগ্রাসন করে যাচ্ছে। বিআইডব্লিটিএ বলেন কিংবা পিপিপি প্রকল্পের নামে ঢাকা শহরে বিভিন্ন সংস্থা প্রকল্পনির্ভর কাজ করে আমাদের এই অগ্রযাত্রা ব্যাহত করছে।'
গত বছর ঢাকাবাসী খাল থেকে বর্জ্য ও পলি অপসারণ কার্যক্রমের সুফল পেয়েছে উল্লেখ করে ডিএনসিসি মেয়র তাপস বলেন, 'জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গত বছর থেকে আমরা খালগুলো হতে বর্জ্য ও পলি অপসারণ কার্যক্রম শুরু করেছি। এ বছরও যথারীতি আমরা সময়মতো শুরু করেছি । আপনারা জানেন, ইতোমধ্যে এ বছরও জিরানী খালের বর্জ্য ও পলি অপসারণ কার্যক্রম শুরু করেছি।'
তিনি বলেন, ''জলাবদ্ধতা নিরসনে পোস্তগোলায় আমরা ৬ ফুট ব্যাসার্ধের পাইপ বসিয়েছি। সেটা হয়ে গেলে পোস্তগোলা, জুরাইন কবরস্থান পর্যন্ত পুরো এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে। আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের এসব অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। সুতরাং, ধীরে ধীরে অবশ্যই ঢাকাবাসী এর সুফল পাওয়া আরম্ভ করেছে।'
'খাল নিয়ে আমরা যে প্রকল্পটা নিয়েছিলাম, সেটা এখনও আলোর মুখ দেখেনি। এটা অত্যন্ত দুঃখজনক। এটা আবারও মন্ত্রণালয়ে পাঠানোর জন্য আমরা কাজ করছি,' বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র ব্যারিস্টার তাপস বলেন, 'দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকেই আমরা যেমনি খালগুলো দখলমুক্ত এবং সেগুলো হতে বর্জ্য অপসারণ করেছি তেমনি স্থায়ী সমাধানের জন্য আমরা একটি প্রকল্পও হাতে নিয়েছি। কিন্তু সেই প্রকল্প পাস না হওয়া পর্যন্ত, প্রকল্পের কাজ আরম্ভ না করা পর্যন্ত আমরা কিন্তু স্থায়ী সমাধানে যেতে পারছি না।'
করপোরেশনের কাজ দখলমুক্ত করা এবং সেটা নিয়মিতভাবেই করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'কিন্তু দখলদার, ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশাসনের দায়িত্ব।'