প্রতি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরির কাজ চলছে: তাপস

স্টার অনলাইন রিপোর্ট 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, 'রাজধানীর প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠায় আমরা উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগ অব্যাহত আছে।'

আজ বুধবার ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র বলেন, 'আমরা যেখানেই জমির খোঁজ পাচ্ছি, সেখানেই খেলার মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছি। এর মাধ্যমে "ঢাকার ছেলে-মেয়েদের এখন আর ফুটবল ও ক্রিকেটে পাওয়া যায় না" – এমন আক্ষেপ ঘোচাতে চাই।'

তিনি বলেন, বাংলাদেশের স্থপতি, বাঙালির মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শুধু একজন সফল ও অবিসংবাদিত নেতাই ছিলেন না, তিনি একজন সফল খেলোয়াড়ও ছিলেন।'

তিনি জানান, ডিএসসিসি ২০২১ সালে প্রথমবারের মতো আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেয়। সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি ওয়ার্ডকে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গতবারের মতো এবারও ফুটবল ও ক্রিকেট নিয়ে এ আয়োজন করা হয়েছে।