প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা: শিক্ষা মন্ত্রণালয়

স্টার অনলাইন রিপোর্ট

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত সব শিক্ষার্থী ও অন্যান্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন।

আজ মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, এ সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আহত শিক্ষার্থী মোশাররফ বর্তমানে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

tds_-_2022-04-19t215456.803.jpg
ছবি: প্রবীর দাশ/স্টার

গতকাল সোমবার রাত থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটসহ আশপাশের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার কমপক্ষে ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

এ ছাড়া সংঘর্ষে অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন-অর-রশিদ।