প্রায় ১ কোটি সিম ব্যবহারকারী ঈদে ঢাকা ছেড়েছেন: মোস্তাফা জব্বার
এবারের ঈদুল ফিতরের ছুটিতে গত কয়েকদিনে প্রায় ১ কোটি মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন।
আজ সোমবার মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোবাইল অপারেটরদের গ্রাহকের দেওয়া হিসাব থেকে এ সংখ্যার ধারণা দিয়েছেন।
পোস্টে তিনি বলেন, '১লা মে পর্যন্ত ৩ দিনে ঢাকা শহর ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ছাড়িয়ে গেছে। এর আগের ২ দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করে গেছে।'
১ মে সর্বোচ্চ প্রায় ২৯ লাখ সিম ঢাকা ছেড়েছে বলে জানান তিনি।
এর আগে মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছিলেন, ২৯ ও ৩০ এপ্রিল ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তার আগের ২ দিনে প্রায় ৩০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
২৯ এপ্রিল ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল গ্রাহকদের সঙ্গে থাকা সিমের সংখ্যা ছিল ১৯ লাখ ৩২ হাজার ৯৯০টি। এর পরের দিন এই সংখ্যা বেড়ে হয় ২৩ লাখ ৭৬ হাজার ২২৬টি।
গতকাল তিনি দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল ব্যবহারকারীদের সেবা নির্বিঘ্ন করতে অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা গ্রাহকদের ঢাকার বাইরে যাওয়ার তথ্য সংগ্রহ করব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।'
তিনি আরও বলেন, মোবাইল অপারেটরদের উচিত হবে গ্রাহকরা ছুটিতে যেসব এলাকায় গিয়েছেন সেখানে ব্যান্ডউইথ বাড়ানো। এই তথ্য থেকে আরও বোঝা যাচ্ছে যে অপারেটরদের শুধু রাজধানীতেই নেটওয়ার্ক শক্তিশালী করার কাজ সীমাবদ্ধ রাখা যাবে না।
এর আগে গত বছর ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়েছিলেন প্রায় ১ কোটি ৫ লাখ মোবাইল সিম ব্যবহারকারী।
পোস্টের এক কমেন্টে মন্ত্রী বলেন, 'সিমের হিসাব গড়ে জনপ্রতি দেড়টা। ১২ কোটি মানুষ ১৮ কোটি সিম ব্যবহার করে। পাশাপাশি এনআইডিবিহীন যে মানুষগুলো বাড়ি গেছে তাদেরকেও বিবেচনায় নিতে হবে। আমরা মানুষের হিসাব দেইনি, সিমের হিসাব দিয়েছি।'
বিটিআরসির হিসাবে, এ বছরের মার্চ মাসে দেশে মোবাইল সংযোগের সংখ্যা ছিল ১৮ কোটি ২৯ লাখ।
