প্রেমের টানে বাংলাদেশে অনুপ্রবেশ, ভারতীয় কিশোরী আটক
প্রেমের টানে অবৈধভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে এসে পুলিশের হাতে আটক হয়েছে ভারতীয় এক কিশোরী। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে ভারতের মুড়িখাওয়া এলাকা থেকে মহানন্দা নদী পার হয়ে ওই কিশোরী তেঁতুলিয়ায় প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
তাকে আটকের খবর পেয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘী এলাকার আব্দুল লতিফ ওরফে রকিব (২১) তেঁতুলিয়া থানায় যান। ওই কিশোরীর ভারত থেকে তার কাছে এসেছে বলে দাবি করেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে তেঁতুলিয়ার সীমান্তবর্তী সর্দারপাড়া গ্রামে হাসিনুর রহমানের বাড়িতে আশ্রয় নেয় ওই কিশোরী।
বিষয়টি জানাজানি হলে পুলিশ বৃহস্পতিবার দুপুরে হাসিনুরের বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আব্দুল লতিফ কয়েক বছর আগে ভারতে পালিয়ে গিয়ে কেরালা রাজ্যের একটি হোটেলে কাজ নেন এবং ওই কিশোরীর সঙ্গে তার প্রেম হয় বলে জানিয়েছে।
৩ মাস আগে তারা ভারতে বিয়ে করেছিলেন বলে দুজনেই দাবি করেন।
সম্প্রতি আব্দুল লতিফ বাংলাদেশে চলে আসে এবং ওই কিশোরী তার খোঁজে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
ওসি আবু ছায়েম ডেইলি স্টারকে বলেন, 'দুজনে ভারতে বিয়ে করেছে বলে দাবি করলেও, কোনো কাগজপত্র দেখাতে পারেনি।'
মেয়েটির বয়স কম হওয়ায় বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে মেয়েটিকে দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে বলে জানান তিনি।
জানতে চাইলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী ডেইলি স্টারকে বলেন, 'পুলিশের হাতে আটক হওয়া ওই কিশোরীর বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে।'
'বিএসএফ কর্মকর্তারা ভারতীয় পুলিশের মাধ্যমে ওই কিশোরীর পরিচয় যাচাই করে শুক্রবার সকালের মধ্যে তাকে ফিরিয়ে নেবে বলে বৈঠকে আশ্বস্ত করেছে,' বলেন তিনি।