বকেয়া বেতন-বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের অনশন

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ৩ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি এবং কারখানা বন্ধের প্রতিবাদে অনশন করছেন একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে 'বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড' নামে পোশাক কারখানার শ্রমিকরা অনশন শুরু করেন।

শ্রমিকেরা জানান, আদমজী ইপিজেডে অবস্থিত বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডে ৭০০ শ্রমিকের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন বকেয়া। গত ২০ এপ্রিল বেতন ও ঈদ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল মালিকপক্ষ। ওইদিন শ্রমিকেরা কাজে গিয়ে কারখানা বন্ধ পায়। তারপর থেকেই আন্দোলন চলছে।

কারখানার শ্রমিক ফরিদ হোসেন বলেন, একাধিকবার তারিখ দিলেও বেতন দেয়নি মালিকপক্ষ। আজ ঈদের দিনে আমরা সেমাই পর্যন্ত কিনতে পারিনি টাকা নেই বলে। যে কারণে অনশনে বসেছি। আমাদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে বেতন-বোনাস দিতে হবে।

আরেক শ্রমিক নূর জাহান বলেন, আমার মেয়েরা বলছে আম্মা বাড়িতে আসো না কেন? আমি কী করে বলবো যে বেতন পাইনি! মেয়েদের একটি পোশাক কিনে দিতে পারিনি। বারবার মেয়েরা ফোন দিচ্ছে কিন্তু আমি ধরতে পারছি না। ফোন ধরে আমি কী বলবো?

তানিয়া বেগম বলেন, আমাদের দোকান বাকি, বাসা ভাড়া দিতে পারছি না, ঘরে খাবার নেই। আমাদের পথে পথে ঘুরতে হচ্ছে। আমরা আমাদের বেতন চাই। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাদের জন্য কিছু করেন।

শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলার সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবসহ অনেকে।

এ বিষয়ে শিল্প পুলিশ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, বেকা গামেন্টসের মালিক পলাতক। তাকে কোনোভাবে পাওয়া যাচ্ছে না। আমরা তার সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করছি।

তিনি আরও বলেন, শ্রমিকদের প্রতি আমাদের সমবেদনা আছে কিন্তু মালিক না থাকলে বেতন কে দেবে!

বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের মালিক ববি ডায়েসের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।