বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটার মঞ্চে যুবককে মেয়রের ঘুষি

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে কেক কাটার মঞ্চে এক যুবককে ঘুষি মারার অভিযোগ উঠেছে পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লার বিরুদ্ধে। মেয়রের ঘুষির পরে ওই যুবককে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও ও ছবি দ্য ডেইলি স্টারের হাতে এসে পৌঁছেছে।

ভিডিও ও ছবিতে দেখা যায়, ওই যুবকের পাঞ্জাবির কলার ধরে রেখেছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার। আর সামনের কলার ধরে তার পেটে ঘুষি মারছেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা।

এ সময় হাতজোড় করে ওই যুবককে নিজেকে ছাড়িয়ে নিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও খাবার বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে খাবার কম পড়ায় বিষয়টি মেয়র গোলাম কবির মোল্লাকে জানাতে মঞ্চে ওঠেন ওই যুবক।

এতে উত্তেজিত হয়ে মেয়র যুবকের কলার ধরেন। একই সময় ওই যুবককে পেছন থেকে ধরেন সারোয়ার মাহবুব তুষার। পরে দুজন তাকে মারতে থাকেন। 

পরে মেয়র ছেড়ে দেওয়ার পর মঞ্চ থেকে নামিয়ে যুবককে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী ডেইলি স্টারকে বলেন, 'ওই ছেলেটা (ভুক্তভোগী) খাবার কম পড়ার কথা বলতে গিয়েছিল। কিন্তু কিছু না শুনেই মেয়র তাকে মারতে শুরু করে।'
 
এ বিষয়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষারকে ফোন করলে তিনি গাড়ি চালাচ্ছেন বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে জানতে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লাকে ফোন করা হলে তিনি কিছু জানেন না বলে ফোন কেটে দেন।

জানতে চাইলে অনুষ্ঠানের সঞ্চালক ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, 'মেয়র এক যুবককে মারধর করেছেন শুনেছি, কিন্তু দেখিনি।'