বঙ্গবন্ধু ব্রিজ পশ্চিম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ
শুক্রবার সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে চলছে গাড়ি।
দুপুরের পর নলকা পর্যন্ত যানজট কিছুটা কমলেও সায়দাবাদের তালুকদার বাজারে যানজট ভয়াবহ আকার ধারণ করে। যানজট নিরসনে হিমশিম খাচ্ছে পুলিশ।
মহাসড়কে ৪ লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় গত ৩ দিন ধরে প্রতিদিনই কমবেশি যানজটের সৃষ্টি হচ্ছে। সবে বরাত ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩ দিনের টানা ছুটিতে অধিকাংশ মানুষ রাজধানী থেকে উত্তরবঙ্গের দিকে ফেরায় যানজট প্রকট আকার ধারণ করেছে।
উত্তরবঙ্গগামি যাত্রী ইয়াকুব আলী দ্য ডেইলি স্টারকে জানান, সকালে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর দুপুরের মধ্যে রাজশাহী পৌঁছানোর কথা থাকলেও দুপুর গড়িয়ে গেলেও এখনো হাটিকুমরুল অতিক্রম করতে পারিনি। ২ ঘণ্টার পথ পাড়ি দিতেই দিন শেষ।
ট্রাক চালক মনির হোসেন জানান, কাঁচা পণ্য নিয়ে ঢাকা যাওয়ার জন্য দুপুরের আগেই হাটিকুমরুল গোলচত্বর পার করেছি এখনো সেতু পায়নি। জানিনা কখন ঢাকা পোঁছাতে পারবো।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুতফর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'উত্তরবঙ্গগামি গাড়ির চাপ বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট মোকাবেলায় কাজ করছে পুলিশ। এখন নলকা পর্যন্ত যানজট তেমন একটা নেই। মহাসড়কের সায়দাবাদ এলাকার তালুকদার ব্যাজারে কিছুটা যানজট আছে। তবে মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।'
দিনভর উত্তরবঙ্গগামি গাড়ির চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে, বিকেলের পর থেকে ঢাকাগামী যানবাহনের চাপ বাড়লে যানজট আবারো বাড়তে পারে বলে জানান তিনি।