বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে থেমে থেমে যানজট

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইল মহাসড়কে আজ রোববার ভোর থে‌কে কোথাও ধীরগতি আবার কোথাও স্বাভাবিক গতিতে চলাচল ক‌রছে যানবাহন। বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কের কয়েক কিলোমিটারে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।  

সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, অতিরিক্ত যানবাহনের চাপে সেতুর ২ প্রান্তে ভোর থেকে যানজট সৃষ্টি হওয়ায় কিছু সময় টোল আদায় বন্ধ রাখতে হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে এসেছে।   

যাত্রী ও চালকরা জা‌নান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ লে‌নের সু‌বিধা পে‌লেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২ লে‌নের কার‌ণে ভোগা‌ন্তি‌তে পড়‌তে হ‌য়ে‌ছে। এলেঙ্গা থেকে সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৩ কিলো‌মিটার সড়ক যে‌তে সময় লেগেছে ২ থেকে ৩ ঘণ্টা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে ১০ কিলোমিটার এবং এলেঙ্গা থেকে রসূলপুর পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। অপরদিকে মির্জাপুর থেকে নাটিয়াপাড়া পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি রয়েছে।

এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত উত্তরাঞ্চলগামী যানবাহন একমুখী চলাচল করছে, ঢাকামুখী যানবাহন গোলচত্বর থেকে ভূঞাপুর-এলেঙ্গা হয়ে যাচ্ছে।

পাবনাগামী বাসচালক মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে ব‌লেন, 'মহাসড়‌কে ৪ লে‌নের সু‌বিধা‌ভোগ কর‌লেও এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার আস‌তে সময় লে‌গে‌ছে আড়াই ঘণ্টা।'

চালকরা জানান, এবার ঈদযাত্রায় তেমন ভোগা‌ন্তি নেই। ত‌বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প‌রিবহ‌নের সংখ্যা বে‌শি হওয়ায় ধীরগ‌তি‌তে চলাচল কর‌তে হ‌চ্ছে। এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত যে‌তে যানজটের কব‌লে পড়‌তে হ‌চ্ছে।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর র‌হমান ডেইলি স্টারকে বলেন, 'ঈদুল ফিতর‌কে কেন্দ্র ক‌রে মহাসড়‌কে গা‌ড়ির সংখ‌্যা বেড়ে‌ছে। ভোর থেকে প‌রিবহন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে ত‌বে কোথায় যানজট বা ভোগা‌ন্তি নেই। মহাসড়‌কে চলাচল নির্বিঘ্নে কাজ ক‌রছে পুলিশ।'a