বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট ১৮ মার্চ থেকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশসহ ৯ দেশের খেলোয়াড় নিয়ে ৫ দিনব্যাপী এসএ গ্রুপ বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট ২০২২ শুরু হতে যাচ্ছে আগামী ১৮ মার্চ থেকে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টটি পুরুষ ও নারী উভয় বিভাগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আয়োজনে অংশ নিচ্ছেন ৩৬ জন পুরুষ এবং ১৬ জন নারী খেলোয়াড়।

বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশন সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) জিএম কামরুল ইসলাম বলেন, '৫ দিনের এই খেলার মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো পুরুষ খেলোয়াড়দের জন্য পেশাদার স্কোয়াশ অ্যাসোসিয়েশন (পিএসএ) চ্যালেঞ্জ ট্যুর-৫ এর আয়োজন করেছি এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো এটি পুরুষ ও নারী খেলোয়াড়দের নিয়ে একসঙ্গে আলাদা ক্যাটাগরিতে আয়োজন করা হয়েছে।'

আজ শনিবার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম বলেন, 'বাংলাদেশের প্রেক্ষাপটে স্কোয়াশ একটি ডেড গেম। জেলা পর্যায়ে কিছু স্কোয়াশ খেলার জায়গা আছে, যেগুলো এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এই খেলাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি এবং আমরা করবো।'

তিনি আরও বলেন, '২৪ জন বিদেশি খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। ছেলেদের খেলা হবে চট্টগ্রাম ক্লাবে এবং মেয়েদের খেলা হবে বিকেএসপিতে।'

এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম বলেন, 'আমরা স্কুল-কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে খেলাটিকে জনপ্রিয় করার চেষ্টা করছি। আমাদের সম্ভাব্য খেলোয়াড় আছে, উদ্যম আছে এবং আমরা তাদের জন্য কাজ করতে চাই।'

এই আয়োজনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরান, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কুয়েত এবং মিশর থেকে খেলোয়াড়রা অংশ নিতে নিবন্ধন করেছেন।