বজ্রপাত কেড়ে নিল বড় ভাইকে, লাশ দেখে মারা গেলেন ছোট ভাই

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে বজ্রপাতে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানার পর, মারা গেছেন ছোট ভাইও।

আজ বুধবার সকালে পৌর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পৌর এলাকার বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) বুধবার সকালে নিজ বাড়ির পাশে চাষকৃত মাছের ঘের দেখতে যান। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপতালে নেওয়ার সময় খবর পেয়ে তার ছোট ভাই সোহেল হোসেন (২৪) বড় ভাইয়ের লাশ দেখে লুটিয়ে পড়েন। এ অবস্থায় দুজনকেই উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মোজাম্মেল  হোসেন বলেন, হাসপাতালে আনার পর দুজনকেই মৃত পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ দুটি লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন গাজী বলেন, বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে হয়তো ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মক র্তা(ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমরা  দুজনের মৃতদেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তার স্বজনরা ছোট ভাই সোহেলের স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। রুবেলে মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় তার লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।