‘বস্তাবন্দী’ যুবককে নদী থেকে জীবিত উদ্ধার
লালমনিরহাটে হাতে-পায়ে শিকল বাঁধা ও বস্তায় বন্দী অবস্থায় নদী থেকে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ত্রিমোহনী এলাকার সতী নদী থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম জাহিদ হোসেন (২২)। তিনি উপজেলার রাজপুর ইউনিয়নের হুদুরবাজার এলাকার মৃত আবু বক্করের ছেলে।
জাহিদ বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে কি কারণে কিংবা কারা তাকে এভাবে নদীতে ফেলে রেখেছিল, সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কার্তিক কুমার আচার্য দ্য ডেইলি স্টারকে জানান, প্রতিদিনের মতো তিনি আজ সকালে হাঁটতে গিয়ে ত্রিমোহিনী এলাকার সতী নদীতে পড়ে থাকা একটি বস্তা দেখতে পান। এ সময় বস্তার ভেতর নড়াচড়া টের পেয়ে তিনি স্থানীয়দের ডেকে তা নদী থেকে তুলে আনেন। তখন ওই বস্তার ভেতর থেকে জাহিদকে উদ্ধার করা হয়। এ সময় তার জ্ঞান ছিল না।
এই পরিস্থিতিতে পুলিশ এসে জাহিদকে হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে জাহিদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কামরুল হাসান প্রিন্স বলেন, 'তার শরীরে সম্ভবত কোনো চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়েছিল। এখন তিনি ভালো আছেন। তবে স্বাভাবিক হতে সময় লাগবে।'
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, কি কারণে ও কারা এই কাজটি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি উদ্ধার হওয়া ব্যক্তি কথা বলার মতো অবস্থায় আসলে সব জানা যাবে।