বাংলাদেশের মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগের অর্থপূর্ণ জবাব চায় এইচআরডব্লিউ

স্টার অনলাইন ডেস্ক

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, বাংলাদেশে নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যার গুরুতর অভিযোগ নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়ে দেশটির সরকারের অর্থপূর্ণভাবে জবাব দেওয়া উচিত।

বৃহস্পতিবার সংস্থাটি এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। 

সেখানে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দেশটির র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-কে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের অধীনে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে সংস্থাটিকে বাদ দেওয়া উচিত বলে মনে করে এইচআরডব্লিউ।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের ১৪ মার্চ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান, 'আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন প্রক্রিয়ার সক্রিয়তা-সহযোগিতার কারণে গুমের শিকার ব্যক্তিদের আত্মীয়স্বজন ও মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধ করার।'

চলতি মাসের ৩ মার্চ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়, ২০১৯ সালের নির্যাতনের বিরুদ্ধে কনভেনশনের পর্যালোচনায় উঠে আসা নির্যাতনের অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানানোর। যা ২ বছরের বেশি সময় ধরে উপেক্ষা করা হচ্ছে। একই দিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আরও উচ্চপর্যায়ের পদে বাংলাদেশিদের নিয়োগ দিতে গুতেরেসের প্রতি আহ্বান জানান মোমেন।

এইচআরডব্লিউ-এর বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মানবাধিকার গ্রুপগুলোর ভাষ্যমতে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ ব্যক্তিকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী গুম করেছে। তবে নিরাপত্তা বাহিনী কর্তৃক নিয়মিত গুমের অভিযোগ বারবার অস্বীকার করে আসছে বাংলাদেশ সরকার।