বাংলাদেশে আসতে পারেন সুধাকর দালেলা, দোরাইস্বামী লন্ডনে
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি চিফ সুধাকর দালেলা। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতের পররাষ্ট্র বিভাগের ১৯৯৩ ব্যাচের এই কর্মকর্তা।
আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের পরবর্তি হাইকমিশনার নিযুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গাইত্রী ইসার কুমার গত ৩০ জুন অবসরে যান। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দোরাইস্বামী। আর ঢাকায় দোরাইস্বামীর জায়গায় নিয়োগ পাচ্ছেন দালেলা।
দোরাইস্বামী উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়াতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় দোরাইস্বামীর সম্ভাব্য স্থলাভিষিক্ত দালেলার প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। দায়িত্ব পালনকালে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখেন তিনি। ২০১৭ সালে চীনের সঙ্গে ডোকলাম সংকট শুরু হলে ভুটান ও নেপালকে সামলানোর সময় দালেলা যুগ্ম সচিবের দায়িত্বে ছিলেন।
পেশাদার ও পরিশ্রমী কূটনীতিক দোরাইস্বামী ঢাকার সঙ্গে নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের কেন্দ্রে ছিলেন। অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদারে ভূমিকা রেখেছেন তিনি।