বাংলাদেশ জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) সামাজিক উন্নয়ন কমিশনের (সিএসওসিডি) ২০২৩-২৭ মেয়াদের সদস্য নির্বাচিত হয়েছে।

বুধবার জাতিসংঘ সদরদপ্তর নিউইয়র্কে অনুষ্ঠিত ইকোসকের সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ ছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ভারত ও সৌদি আরব এ কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্যমোচন ও আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহি:প্রকাশ।'

বাংলাদেশ সবসময়ই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, 'কমিশনের সদস্য হিসেবে আমরা আমাদের গুড প্র্যাকটিসগুলো শেয়ার করে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা চালাব।'

৪৬ সদস্য নিয়ে গঠিত সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাগুলোর একটি যা ইকোসককে সামাজিক নীতি বিষয়ক পরামর্শ প্রদান করে।