বাংলাবাজারে পারের অপেক্ষায় ২ শতাধিক গাড়ি, মোটরসাইকেলের চাপ বেশি

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট ও শরিয়তপুরের মাঝিকান্দি ঘাটে চাপ না থাকলেও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ঢাকামুখী কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। বাংলাবাজার ঘাটে প্রায় ২ শতাধিক ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায়। ঢাকামুখী যাত্রীদের চাপ আছে লঞ্চ ও স্পিডবোট ঘাটে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ পরিস্থিতি লক্ষ্য করা গেছে। শিমুলিয়া-মাঝিকান্দি ও বাংলাবাজার নৌপথে ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৫ টি স্পিডবোট চলাচল করছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, শিমুলিয়াঘাটে সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০০ ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায় ছিল। ৬ ঘণ্টায় দক্ষিণবঙ্গগামী এসব গাড়ি পার করা হয়েছে। এখন যেসব গাড়ি আসছে এসব সরাসরি ফেরিতে চলে যাচ্ছে। বাংলাবাজার ঘাটে যানবাহনের চাপ আছে। মোটরসাইকেলেরও চাপ আছে।

বিআইডব্লিউটিসির জাজিরার মাঝিকান্দি ও বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, বাংলাবাজার ঘাটে ব্যক্তিগত গাড়ির চাপ আছে। প্রায় দুই শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। এছাড়া ফেরিগুলোতে মোটরসাইকেলেরও চাপ আছে। গতকালের তুলনায় আজ ভিড় বেশি। তবে এ চাপ সহনীয় পর্যায়ে থাকায় সামাল দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, মাঝিকান্দি ঘাটে যানবাহনের চাপ নেই। কারণ এ নৌপথ এখনো অনেকের কাছে অপরিচিত। যার জন্য সেখানে স্বাভাবিক পরিস্থিতি আছে।

বিআইডাব্লিউটিএ'র শিমুলিয়াঘাটের নৌ পরিদর্শক মো. সোলেমান জানান, শিমুলিয়াঘাটের লঞ্চ ও স্পিডবোট ঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চাপ নেই। তবে ঢাকামুখী যাত্রীদের চাপ আসছে বাংলাবাজার ঘাট থেকে।