বাগেরহাটে টিসিবির পণ্য পাবে ৮২ হাজার পরিবার
পবিত্র রমজান উপলক্ষে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পাবে বাগেরহাটের ৮১ হাজার ৯১৩ পরিবার। সুবিধাভোগীদের কাছে পণ্য পৌঁছে দিতে তালিকা তৈরি করা হয়েছে; পণ্যের প্যাকেজিংসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
শনিবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলণে এ তথ্য জানান।
রোববার সকাল থেকে বাগেরহাটে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পণ্য বিতরণ করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সহকারী কমিশনার নূরে আলম সিদ্দিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। আগামী ২০ মার্চ থেকে বাগেরহাটে এই পণ্যের আনুষ্ঠানিক বিক্রি শুরু হবে। তালিকাভুক্ত কার্ডসহ ৮১ হাজার ৯১৩ সুবিধাভোগী এই পণ্য পাবেন। প্রতিটি সুবিধাভোগী পরিবার পাবে ২ কেজি চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। দ্বিতীয় ধাপে রমজানে আরও একটি পণ্য সরবরাহ করা হবে। প্রতিটি প্যাকেজের দাম পড়বে ৪৮০ টাকা। দ্বিতীয় ধাপে একটি পরিবারকে ২ কেজি চিনি, মসুর ডাল, সয়াবিন তেল এবং ২ কেজি ছোলা দেওয়া হবে।
জেলার ৯টি উপজেলায় ৪৩ জন ডিলার পণ্য বিতরণ করবেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, টিসিবি থেকে পণ্য এনে জেলা প্রশাসনের মাধ্যমে প্যাকেজ করে টিসিবি ডিলারদের দেওয়া হবে। ডিলাররা নির্দিষ্ট স্থানে সুবিধাভোগীদের কাছে পণ্য পৌঁছে দেবেন।
জেলা প্রশাসক আরও বলেন, 'টিসিবির পণ্য সরবরাহে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'