বিচারপতি হাবিবুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

স্টার অনলাইন রিপোর্ট

সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।

২০১৪ সালের এই দিনে ৮৫ বছর বয়সে মারা যান তিনি।

১৯২৮ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর ভারতের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমার দয়ারামপুর গ্রামে হাবিবুর রহমান জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে শিক্ষক, বিচারপতি, রবীন্দ্র বিশেষজ্ঞ, ভাষাসৈনিক, অভিধানপ্রণেতা ও লেখক।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে প্রাতিষ্ঠানিক কর্মজীবন শুরু করলেও পরে আইন পেশায় চলে যান। ১৯৭৬ সালে উচ্চ আদালতে বিচারক হিসেবে যোগ দেন এবং ১৯৯৫ সালে দেশের প্রধান বিচারপতি হিসেবে অবসর নেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গকারী প্রথম দলের নেতৃত্ব দেন তিনি। উচ্চ আদালতে বাংলা ভাষা প্রবর্তনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে 'যথা-শব্দ' রবীন্দ্রনাথ, প্রথমে মাতৃভাষা পরভাষা পরে ইত্যাদি।

বাংলা ভাষার ওপর ছিল তার অসাধারণ দখল। অভিধান প্রণয়নে তার বিশেষ আগ্রহ ছিল। রবীন্দ্রনাথ ছিলেন তার গবেষণার অন্যতম বিষয়। ৭০টির বেশি বইয়ের লেখক বিচারপতি হাবিবুর রহমান ১৯৮৪ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০০৭ সালে একুশে পদক অর্জন করেন। এ ছাড়া দেশি-বিদেশি অসংখ্য খেতাব ও সম্মানে তিনি ভূষিত হয়েছেন।