বিচার বিভাগ নিয়ে গঠনমূলক সংবাদ প্রকাশ করুন: প্রধান বিচারপতি

স্টার অনলাইন রিপোর্ট

বিচার বিভাগকে শক্তিশালী করতে গঠনমূলক প্রতিবেদন প্রকাশ ও সম্প্রচারে সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, 'বিচার বিভাগ শক্তিশালী হলে দেশের গণতন্ত্রও শক্তিশালী হবে।'

আইন ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবনির্বাচিত নির্বাহী কমিটি আজ বিকেলে শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, 'আদালতে বিচার চলার সময় বিচারপতিরা বিভিন্ন মন্তব্য করেন। সেগুলোর সব ব্যাপারে রিপোর্ট না করাই শ্রেয়।'

তিনি বলেন, 'আমি কুষ্টিয়ার একটি গ্রামের মানুষ। আমি সাধারণত আঞ্চলিক ভাষায় কথা বলি। গণমাধ্যমে যে সুন্দরভাবে আমার বক্তব্য প্রচার হয় তা দেখে আমি মুগ্ধ।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে বিচারাধীন মামলার ব্যাকলগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাংবাদিকরা যাতে সুপ্রিম কোর্ট থেকে প্রয়োজনীয় তথ্য পান সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দেন প্রধান বিচারপতি।

সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। এলআরএফ সভাপতি আশুতোষ সরকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।