বিস্ফোরক সংকটে মধ্যপাড়া পাথরখনিতে আবারও উৎপাদন বন্ধ

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

বিস্ফোরক দ্রব্য সংকটে গত ২ মাসের মধ্যে ২য় বারের মতো পাথর উৎপাদন বন্ধ হয়ে আছে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির।

আজ শুক্রবার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. পিনাক ইকবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খনি থেকে পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) গত রোববার সকাল থেকে উৎপাদন বন্ধ করে দেয়।

সেদিন খনিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের ছুটি দেওয়া হয়। বিষয়টি আজ শুক্রবার পর্যন্ত গোপন ছিল।

তবে কবে নাগাদ খনি থেকে আবার উৎপাদন শুরু হবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

গত ১২ মার্চ বিস্ফোরক সংকটের কারণে খনি থেকে পাথর উৎপাদন বন্ধ করা হয়। পরে থাইল্যান্ড থেকে বিস্ফোরক আমদানির পর ২৭ মার্চ থেকে উৎপাদন শুরু হয়।

জিটিসি মধ্যপাড়া পাথরখনিতে উৎপাদনের দায়িত্ব নেওয়ার পর থেকে এ নিয়ে ৫ম বারের মতো উৎপাদন কার্যক্রম বন্ধ আছে।

এর আগে বিস্ফোরকের অভাবে প্রথম ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে ২ মাস এবং ২০১৮ সালের জুন মাসে ৭ দিন ও ২০২২ সালের মার্চ মাসে ১৪ দিন উৎপাদন বন্ধ ছিল।

খনি কর্তৃপক্ষ জানায়, এ খনি থেকে দৈনিক গড়ে প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন হয়। পাথর উত্তোলন না হলে প্রতিদিন সরকারের লোকসান হয় প্রায় ১ থেকে দেড় কোটি টাকা।

বর্তমানে খনির ভেতরে ৪০-৫০ হাজার মেট্রিক টন পাথর মজুদ আছে। মজুদকৃত পাথর শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় বিস্ফোরক আমদানি করা না হলে খনি থেকে পাথর বিক্রিও বন্ধ হয়ে যাবে।

এতে সরকারের যে সব উন্নয়ন প্রকল্প মধ্যপাড়া পাথর খনির উৎপাদিত পাথরের ওপর নির্ভরশীল সেসব প্রকল্পের কাজ ব্যাহত হবে।

এ বিষয়ে জানতে খনির ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মোহাম্মদ ফরিদুজ্জামানের মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

দেশের প্রায় ৮০০ শ্রমিকের পাশাপাশি প্রায় ৮০ জন বিদেশি শ্রমিক এই খনিতে কাজ করে।

খনি কর্তৃপক্ষ জানায়, ক্ষতি ঠেকাতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ৯২ লাখ মেট্রিক টন পাথর উত্তোলনের বিপরীতে ১৭১ দশমিক ৮৬ মিলিয়ন ডলারের চুক্তি করে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামকে (জিটিসি)।

বর্তমানে এখানে ৩ শিফটে পাথর উত্তোলন করা হয়।

খনি থেকে লাভ আসায় পাথর উত্তোলনের জন্য গত বছর সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে ২য় পর্যায়ে ৬ বছরের আবার চুক্তি করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (মধ্যপাড়া পাথর খনি) কর্তৃপক্ষ।