বৃষ্টি ও দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে যান চলাচলে ধীরগতি
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং সড়ক দুর্ঘটনার কারণে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল মন্থর হয়ে পড়েছে। মহাসড়কের দুপাশে পানি জমে যাওয়ার কারণে রসুলপুর থেকে সেতুর পূর্ব সংযোগ সড়কের কয়েক কিলোমিটার অংশে ধীরগতিতে চলছে যানবাহন। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সপ্তাহব্যাপী ঈদের ছুটি শেষে এখনো কর্মস্থলে ফিরছেন মানুষ। তাই মহাসড়কের উভয় দিকেই যানবাহনের চাপ রয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র জানায়, সকাল সোয়া ৯টার দিকে সেতুর পূর্ব সংযোগ সড়কের হাতিয়ায় ১২ নম্বর সেতুর কাছে ঢাকাগামী বাস এবং উত্তরবঙ্গগামী সিমেন্ট ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কের উভয় প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রাস্তা থেকে সরিয়ে নিলে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পরে ভারী বৃষ্টিপাত শুরু হলে রাস্তায় পানি জমে আবার যান চলাচল ধীর হয়ে যায়।
টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতু যাওয়ার পথে যানজটে পড়েন মানবাধিকারকর্মী জুবায়ের উজ্জল।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, যানজটের কারণে মোটরসাইকেলে রসুলপুর থেকে ২ কিলোমিটার দূরত্বে এলেঙ্গা আসতে তার ১ ঘণ্টা সময় লেগেছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমান সকাল সাড়ে ১১টায় ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনা, ভারী বর্ষণ এবং যানবাহনের চাপের কারণে মহাসড়কের কয়েক কিলোমিটার অংশে কিছুটা ধীরগতিতে চলছে যানবাহন। তবে কোথাও যানজট নেই।