ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট, আটকে যাওয়া লঞ্চ একদিন পর উদ্ধার

নিজস্ব সংবাদাতা, বগুড়া

বালাসীঘাট-বাহাদুরাবাদ নৌরুটে নাব্যতা সংকটের কারণে আটকে পড়া লঞ্চ আজ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে বাহাদুরাবাদ থেকে শতাধিক যাত্রী নিয়ে বালাসীঘাটের উদ্দেশে ছেড়ে আসা রিভাস্টার নামের লঞ্চটি ব্রহ্মপুত্রের ডুবো চরে আটকে পড়ে। এই যাত্রীদের পরে নৌকায় করে বালাসীঘাটে আনা হয়।

আজ শনিবার সকালে লঞ্চটি উদ্ধার করেতে যায় বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী লঞ্চ এমভি মহব্বত। এই লঞ্চটিও ডুবো চরে আটকে যায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে লঞ্চদুটিকে উদ্ধার করা হয়।

এই ঘটনার পর বালাসীঘাট-বাহাদুরাবাদ রুটে লঞ্চ চলাচল বন্ধ আছে। যাত্রীরা ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করছেন।

লঞ্চ মালিক সমিতির সভাপতি মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, চ্যানেলে পলি জমার কারণে লঞ্চ চলাচল করা কঠিন হয়ে গেছে। এতে যাত্রীরা সমস্যায় পড়েছেন। বাড়তি ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে নৌকায় পার হচ্ছেন তারা।

গত ৯ মার্চ গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত লঞ্চ চলাচল উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী।

বিআইডব্লিউটিএ'র বন্দর ও পরিবহন শাখার পরিচালক দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাস্টাররা (চালকরা) সচেতন নয়। যে লঞ্চটি আটকা পড়েছিল সেটি চ্যানেল থেকে ৫০০ মিটার দূর দিয়ে রাতে বালাসীঘাটে ফিরছিল। এর ফলে এটি আটকে যায়।