ভবদহ জলাবদ্ধতা: যশোর ডিসি অফিস চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি
ভবদহকে জলাবদ্ধতামুক্ত করে জীবন-জীবিকা বাঁচানোর জন্য টিআরএম চালুর দাবিতে যশোর ডিসি অফিস চত্বরে আজ সোমবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভবদহ অঞ্চলের শত শত মানুষ।
আজ দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বানে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লাগাতার এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচিতে ভুলবাড়িয়া গ্রামের ৭০ বছর বয়সী বাসিন্দা হরেকৃষ্ণ বিশ্বাস বলেন, 'উঠানে জল জমে আছে দীর্ঘদিন ধরে, না খেয়ে এখানে এসেছি। এ অবস্থায় সামনে ব্লক (বোরো ধান) হবে না। পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে।'
ভবদহ এলাকার সাবেক শিক্ষক ভগিরথ হালদার বলেন, 'নদী ভরাট হয়ে যাচ্ছে। কিন্তু সংস্কার করা হচ্ছে না। মেশিন লাগিয়ে সেচ প্রকল্পের নামে অর্থ লুটপাট করা হচ্ছে। অথচ এই সমস্যা সমাধানের একমাত্র পথ টিআরএম। টিআরএম চালু হলে নদীতে জমে থাকা পলি অপসারণ হয়ে যাবে। তাই আমরা চাই দ্রুত টিআরএম চালু হোক। তাহলে ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষের জীবন বাঁচানো যাবে।'
অন্য বক্তারা বলেন, ভবদহ অঞ্চলে হাজার হাজার মানুষের বাড়িতে পানি এখন। স্কুল-কলেজের মাঠে পানি জমে আছে। বোরো মৌসুমে জলাবদ্ধতার কারণে সবাই বেকার জীবন কাটাচ্ছে। তাই লাগাতার অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা।
অবস্থান কর্মসূচিতে কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল করিব জাহিদ, আহ্বায়ক রনজিৎ বাওয়ালি, সদস্য সচিব চৈতন্য পাল, আব্দুল হামিদ গাজী, শিবপদ বিশ্বাস, কার্ত্তিক বকসি, ভগিরথ হালদার, দীপঙ্কর বকশি, কমল মধু, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু প্রমুখ বক্তব্য দেন। তাদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস।