ভারতের কোচবিহারে গণপিটুনিতে ১ বাংলাদেশি নিহত
'চোরাইপথে গরু আনতে গিয়ে' পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় গণপিটুনিতে ১ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন।
নিহত রেজাউল করিম (৩৪) লালমনিরহাটের জগতবেড় ইউনিয়নের নয়বাড়ি গ্রামের মনসুর আলীর ছেলে। আহত বাবুল মিয়াও (৩৫) একই গ্রামের বাসিন্দা।
জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোরে কোচবিহারের মাথাভাঙা থানার ভোগরামগুড়ি গ্রামে গণপিটুনির এই ঘটনা ঘটে।
মোস্তাফিজার রহমান আরও জানান, এই ঘটনায় নিহত রেজাউলের মরদেহ ও আহত বাবুলকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে ভোগরামগুড়ি গ্রামের বাসিন্দারা।
ভোগরামগুড়ি গ্রামটির অবস্থান লালমনিরহাটের জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভাষ্য, আজ ভোররাতে রেজাউল ও বাবুল মিয়াসহ ৯ থেকে ১০ জনের একটি দল চোরাইপথে গরু আনার জন্য ভারতীয় সীমান্তে ঢোকেন। এ সময় বিএসএফের তাড়া খেয়ে দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় রেজাউল ও বাবুল ভোগরামগুড়ি গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসীরা তাদের গরুচোর সন্দেহে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান রেজাউল।
এ ব্যাপারে কথা বলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শমসেরনগর ক্যাম্প কমান্ডার জালাল সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এ বিষয়ে এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।'