ভিজিএফের চাল বিতরণ নিয়ে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে চরবাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সমর্থকদের মধ্যে তোতার বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরবাটা ইউনিয়নে হতদরিদ্রদের মধ্যে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব এবং সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রোববার সকালে এ নিয়ে সংঘর্ষ জড়িয়ে পরে দুই গ্রুপ। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

২নং চরাবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব জানান, পূর্বশক্রতার জের ধরে সাবেক চেয়ারম্যানের ভাই দেলোয়ার, তার ভাগনে জিসান,  ফখরুল বাহিনীর প্রধান ফখরুলের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয় ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হেলালের ওপর। আমি পুলিশের উপস্থিতিতে আমার অনুসারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে চলে আসি।
২নং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, সংঘর্ষের বিষয়ে তিনি কিছু জানেন না।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।