মন্ত্রীর হাত থেকে ত্রাণ নেননি মাহফুজ মিয়া, করেছিলেন মিথ্যা অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সিলেট

মন্ত্রীর হাত থেকে ত্রাণ নেওয়ার পর আয়োজকরা তা ফিরিয়ে নিয়েছেন বলে মাহফুজ মিয়া নামে এক ব্যক্তি যে অভিযোগ করেছিলেন তা সঠিক নয় বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযোগকারী ব্যক্তিও স্বীকার করেছেন যে তিনি ত্রাণ না পেয়ে এ অভিযোগ করেছিলেন।

গত শনিবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজারে ত্রাণ দিতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ। অনুষ্ঠানে ১২ জনের হাতে ত্রাণ তুলে দেওয়ার পর মন্ত্রী চলে গেলে সেখানে ত্রাণ নিয়ে হট্টগোল হয়।

হট্টগোলের পর ঘটনাস্থলেই পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা মাহফুজ মিয়া দ্য ডেইলি স্টারসহ উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন যে মন্ত্রী তার হাতে ত্রাণ দিয়ে ছবি তুলেন, পরে আয়োজকরা সেই ত্রাণ কেড়ে নেয়।

এ অভিযোগের ওপর ভিত্তি করে দ্য ডেইলি স্টার 'মন্ত্রীর ফটোসেশন শেষে ত্রাণের প্যাকেট ফিরিয়ে নেওয়ার অভিযোগ' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। তবে মাহফুজ মিয়ার অভিযোগ অস্বীকার করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের কাছে থাকা ত্রাণগ্রহীতাদের তালিকা, মন্ত্রীর ত্রাণ দেওয়ার ছবি, হট্টগোলের সময় ধারণকৃত ভিডিও পর্যালোচনা এবং অভিযোগকারী মাহফুজ মিয়ার সঙ্গে কথা বলে তার অভিযোগ মিথ্যা বলে নিশ্চিত হয়েছে ডেইলি স্টার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগকারী ব্যক্তির নাম ত্রাণগ্রহীতাদের তালিকায় ছিল না। মন্ত্রী চলে যাওয়ার পর একটু হট্টগোল হয়েছে। কিন্তু, ত্রাণ গ্রহীতাদের কারো কাছ থেকে কেউ কোনো ত্রাণ ফেরত নেয়নি। অভিযোগকারী মিথ্যা অভিযোগ করেছিলেন।'

শনিবার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ত্রাণ গ্রহীতাদের তালিকা ডেইলি স্টারের হাতে এসেছে। তালিকায় থাকা ২০ জনের মধ্যে মাহফুজ মিয়ার নাম নেই।

মন্ত্রীর ত্রাণ বিতরণের সময় তোলা ছবি ও ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, মাহফুজ মিয়া ত্রাণ বিতরণের সময় ঘটনাস্থলে ছিলেন। একজন প্রবীণ ব্যক্তি মন্ত্রীর হাত থেকে ত্রাণ নেওয়ার সময় মাহফুজ মিয়া সেই ব্যক্তির পেছনে দাঁড়িয়ে ছিলেন।

হট্টগোলের ভিডিও ফুটেজে দেখা যায়, মাহফুজ মিয়া ভিড়ের মধ্যে থেকে এক বস্তা ত্রাণ তুলে নিয়ে দ্রুত সরে যেতে চাইলে তাকে পুলিশ বাধা দেয়। এরপরই উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে ত্রাণ দিয়ে কেড়ে নেওয়ার অভিযোগ তোলেন তিনি।

মাহফুজ মিয়ার সঙ্গে গতকাল রোববার আবারও কথা হয় ডেইলি স্টারের। তিনি মিথ্যা অভিযোগ তোলার কথা স্বীকার করেছেন।