মাথার খুলির হাড় প্রতিস্থাপনে চমেক শিক্ষার্থী আকিব আবারো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষার্থী মাহাদি আকিবকে মাথার খুলির হাড় প্রতিস্থাপনের জন্য আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আকিবের মাথার খুলির হাড় ভেঙে গিয়েছিল। আমরা খুলির অংশসমূহ নিয়ে তার শরীরের অন্য জায়গায় সংরক্ষণ করেছিলাম। উদ্দেশ্য ছিল তার শারীরিক অবস্থার উন্নতি হলে পুনরায় তা যথাস্থানে প্রতিস্থাপন করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা সেই হাড়িগুলো প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি।'

তবে কখন অপারেশন হবে তা তিনি নির্দিষ্ট করে জানাতে পারেননি।

প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট দেখার পর অপারেশন এর তারিখ নির্ধারণ করা হবে।

গত ৩০ অক্টোবর প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আকিবকে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরদিন বিকেলে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

সহপাঠীরা অভিযোগ করেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে আকিব গুরুতর আহত হন।